
চয়ন চৌধুরী (ভ্রাম্যমাণ প্রতিবেদক) সুনামগঞ্জের মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ এ্যামো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের মালিকানার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে মধ্যনগর সেনা ক্যাম্পের সদস্যরা উপজেলা সদর বাজারের ঝুমকা ইলেকট্রনিক্সের গোডাউনে অভিযান চালিয়ে এ দুইটি এয়ারগান ও বিপুল পরিমাণ এ্যামো উদ্ধার করে। এসময় মো. জাহাঙ্গীর আলম ও মো. মিজানুর রহমান ফরহাদ নামে দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রে মধ্য রয়েছে ভারতীয় নির্মিত এয়ারগান এনএক্স-২০০ মডেলের দুটি এবং ৯৬৫ রাউন্ড এ্যামো।আটককৃতরা হলেন, মধ্যনগর উপজেলা সদরের মধ্যনগর গ্রামের বাসিন্দা মো. নেহার উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং হাবিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান ফরহাদ।সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।