পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা ব্রিজ সংলগ্ন এলাকায় সেনাবাহিনী কর্তৃক খননকৃত মাটি রাতের আঁধারে অবৈধভাবে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার (২ জুন ২০২৬) রাত ১১টার দিকে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।অভিযানকালে ডুমুরিয়া উপজেলার বাসিন্দা মুক্তার গাজীকে সেনাবাহিনী কর্তৃক খননকৃত মাটি অবৈধভাবে বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ ও উন্নয়ন প্রকল্পের কাজে ব্যবহৃত মাটি অবৈধভাবে উত্তোলন, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।