
চয়ন চৌধুরী, (ভ্রাম্যমাণ প্রতিবেদক) নেত্রকোনার মোহনগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের দয়াময় আশ্রম সংলগ্ন সার ডিলার বিপ্লব সাহার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এসময় ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে ডিলার বিপ্লব সাহাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালতের বিচারক এম এ কাদের বলেন,“কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উপজেলা সদরসহ সব ক’টি হাট-বাজারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি উপজেলার গাগলাজুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার গোলাম রাব্বানীকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।