
চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, অতীতে কে কি করলো, তা আমার দেখার সময় নেই। তবে এখন থেকে আমার সংসদীয় আসনে চাঁদাবাজি, জুয়া, মাদকসহ কোনো ধরনের অনিয়ম চলতে দেওয়া হবেনা। এছাড়াও এখন থেকে প্রতিটি বাজারে সরকার নির্ধারিত ট্যাক্সের বেশি কেউ চাঁদা আদায় করলে তাকেও ছাড় দেওয়া হবে না। তাই যারা বাজার ইজারা নেবেন, তারা ভেবেচিন্তে দায়িত্ব নেবেন।
বৃহস্পতিবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় সুধী সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, হাওরাঞ্চল হিসেবে এই অঞ্চল দেশের অন্যান্য এলাকার তুলনায় বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি—আমি আপনাদের কামরুল হয়েই থাকতে চাই। এমপি ভাব নেওয়ার কোনো ইচ্ছে আমার ছিলো না, এখনও নেই। আমি কাজ করতে চাই। কাজের মাধ্যমেই আমি সবার ভালোবাসা অর্জন করতে চাই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সুধি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ সহিদ উল্যাহ, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো: লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান, নেহাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক শাহ কামাল, যুবদল সদস্য সোহেল তাজ, শাহ আলম, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার প্রমূখ। এছাড়াও অনুষ্ঠিত এ সমাবেশে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান কাশেমি।মোনাজাত শেষে উপস্থিত হাজারো রোজাদারদের সঙ্গে নিয়ে ইফতার করেন নব-নির্বাচিত সংসদ সদস্য ও হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি।