
চয়ন চৌধুরী,(ভ্রাম্যমাণ প্রতিবেদক)সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তবর্তী এলাকার চিহ্নিত কালোবাজারি সালমান মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী দাতিয়ারপাড়া গ্রাম থেকে ডিবি পুলিশ ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত কালোবাজারি সালমান মিয়া উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়ারপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।বুধবার দুপুর ১২টার দিকে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন ওরফে শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার দাতিয়ারপাড়া গ্রামের সালমান মিয়া সীমান্তবর্তী এলাকায় একজন চিহ্নিত কালোবাজারি হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনইর গ্রামের কালোবাজারি শহীদ মিয়ার সহযোগিতায় ভারতের মেঘালয় পাহাড় সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় গরু, চিনি, বিভিন্ন মাদকদ্রব্য, সুপারি, শাড়ী, কসমেটিকসহ প্রতিদিন কোটি কোটি টাকার বিভিন্ন পণ্য সামগ্রী চোরাই পথে দেশে নিয়ে আসে। এছাড়াও সালমান মিয়া নিজে কালোবাজারি ব্যবসার পাশাপাশি অন্যান্য কালোবাজারিদের কাছ থেকেও সে পুলিশের নাম ভাঙিয়ে প্রতিদিন মোটা অংকের টাকা চাঁদাবাজী করে আসছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠে । এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মধ্যনগর থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে সালমান মিয়াকে গ্রেপ্তার করে।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন ওরফে শাহীন বলেন, ধৃত চোরাকারবারি সালমানের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।